অমরজিৎ দে ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর:
রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবল্লভপুর থানা। গোপীবল্লভপুর থানার শাসড়া পুলিশ ক্যাম্পে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম এডিশনাল এস পি কল্যাণ সরকার, গোপীবল্লভপুর এর এসডিপিও প্রদীপ কুমার সর্দার, গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এই রক্তদান শিবিরে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য পুলিশকর্মীরা মিলে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সকল রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপীবল্লভপুর এর এসডিপিও প্রদীপ কুমার সর্দার ও আইসি সুদীপ ব্যানার্জি। গোপীবল্লভপুর এর এসডিপিও প্রদীপ কুমার সর্দার বলেন, করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই সমাজের একজন মানুষ হিসেবে, সমাজের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রাম এডিশনাল এস পি কল্যাণ সরকার বলেন, আগামী দিনে প্রতিমাসে এইভাবে একটি করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

