জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ অক্টোবর: স্বেচ্ছায় রক্তদান শিবির হল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকে। এসএফআই ও ডিওয়াইএফআই লোকাল কমিটির উদ্যোগে ধনেশ্বরপুরে এই শিবিরের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। সেই চাহিদা মেটাতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এগরা ব্লাড ব্যাঙ্কের সহায়তায় এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্ত দান করেন।

এদিনের কর্মসূচি সম্পর্কে সংগঠনের জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ মুদি বলেন, আমাদের দায়িত্বশীল সংগঠনের কমরেডরা করোনা পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করে আসছেন। করোনা পরিস্থিতিতে ১৪৭ জন রোগীকে রক্ত দান করে জীবন বাঁচিয়েছে আমাদের সংগঠনের ছেলেরা।

