জে মাহাত, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের যোগান দিতে উদ্যোগী হয়েছে কেশপুর ব্লকের প্রত্যন্ত গ্রামীণ, জনজাতি অধ্যুষিত এলাকার ক্লাব গোগ্রাম-জামুয়া ঐক্য সমন্বয়ী। রবিবার ঐক্য সমন্বয়ীর উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় গোগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি রক্তদাতা শিবির হয়। শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৪৬ জন রক্তদান করেন। শিবিরে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রক্তদাতাদের উৎসাহিত করেন ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল হাঁসদা, বিশিষ্ট সমাজসেবী করুণাসিন্ধু দন্ডপাট, ভাস্কর চৌধুরী, ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, মণিকাঞ্চন রায়, শিক্ষক চঞ্চল হাজরা প্রমুখ।

