মেয়ের বিয়ের আসরেই রক্তদান শিবির বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মার্চ: মেয়ের বিয়ের আসরেই রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়া সদর থানার আগয়া গ্ৰামের বাসিন্দা অশোক মন্ডল। আজ রবিবার মেয়ের বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন আগয়া গ্রামের অশোক মন্ডল। এই শিবিরে আমন্ত্রিত অতিথিরাই ছিলেন শিবিরে রক্তদাতা। দিনটি স্মরণীয় রাখতে অশোকবাবু তাদের হাতে ধরিয়ে দিলেন গাছের চারা।

বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের কো-অর্ডিনেটর সঞ্জয় সেনগুপ্ত বলেন, অশোকবাবু তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে রক্তদান ও গাছের চারা বিলি করে সমাজে দারুণ দৃষ্টান্ত তুলে ধরলেন।

পেশায় ব্যবসায়ী অশোক মন্ডল বলেন, গ্রীষ্মকালে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তাল্পতা দেখা দেয়। সেই সময় ভীষণ সমস্যায় পড়তে হয় থ্যালাসেমিয়া আক্রান্তদের। একথা চিন্তা করেই মেয়ের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন।

এদিন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় যে সব আমন্ত্রিত অতিথিরা এসেছিলেন তারাই রক্তদান করেছেন। বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের ব্যবস্থাপনায় অতিথিদের একটি করে মেহগিনি ও ফলের চারা দিয়ে মেয়ে জামাইয়ের জন্য আশীর্বাদ কামনা করেন তিনি।

কনের সাজে সজ্জিতা অর্পিতা মন্ডল বলেন, আমিও রক্ত দিতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের আচার পালন করতে আমাকে উপবাসী থাকতে হচ্ছে বলে আমার রক্ত দেওয়া হল না।

কনের মা মণিমালা ও ঠাকুমা আঙুরবালা দেবী বলেন, এদিন ৬ জন যুবতী সহ ৫১ জন রক্ত দিয়েছেন। এই রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দেওয়া হবে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *