আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ আগস্ট:
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার মৌচাক সেবাশ্রমের ঊনিশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করেন মোট ১০১ জন। যারমধ্যে ১২ জন মহিলা ও ২৫ জন নতুন রক্তদাতা রক্ত দান করেন।

সেবাশ্রমের কর্তা মৃণাল সুন্দর পাত্র জানান, স্থানীয় শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ গোলাম মোস্তফাসহ বেশ কয়েক জন সহকারি শিক্ষক শিবিরে রক্তদান করেন। এছাড়াও আশ্রমের পরিচালক শিক্ষক মৃণাল সুন্দর পাত্র ও তাঁর সহধর্মিণী মলিনা পাত্র এদিনের শিবিরে রক্তদান করেন। তমলুক জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ও পীতপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের যৌথ সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবিরটি সম্পন্ন হয়। উপস্থিত ব্যক্তি ও রক্তদাতাদের সেবাশ্রমের পক্ষ থেকে লালগোলাপ দিয়ে বরণ করা হয়।


