সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর: পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করার হুমকি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া এলাকায়।

অভিযোগ, রাজনৈতিক নেতারা ভোটের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে চলে যায়। ভোট পেরিয়ে গেলে ফিরেও তাকায় না। ১কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে হওয়া বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর। বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া স্কুল থেকে আকাইপুর বাজার পর্যন্ত গিয়েছে এই রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশি কয়েক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। সেই রাস্তায় খানাখন্দে ভরা রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।
গ্রামবাসী জগন্নাথ বিশ্বাস, সঞ্চিতা বিশ্বাস ও বিশ্বজিত কর্মকারের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে কাজ করার জন্য ইট ফেলা হয়েছিল। পঞ্চায়েত থেকে সেই ইট রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তারপর থেকে বহুবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবে গ্রামবাসীরা।

যদিও অভিযোগ স্বীকার করে নিয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ সৌমেন দাস বলেন, দুঃখের হলেও বিষয়টি সতি। তবে ওই রাস্তা নিয়ে ব্লক স্তরে কোনো অভিযোগ আসেনি। অফিস খুললেই আমি ওই রাস্তা মেরামত করে দেওয়ার চেষ্টা করব।

