লাইনে বসে অবরোধ কুড়মিদের, পুরুলিয়া- আদ্রা ট্রেন চলাচল বন্ধ

সাথী দাস, পুরুলিয়া, ৫ এপ্রিল: আদিবাসী কুড়মি সমাজের ডাকে কুস্তাউর রেলস্টেশনে চলছে রেলপথ অবরোধ। লাইনের ওপর বসে আন্দোলন শুরু করেছে তারা। রেল অবরোধের জেরে ইতিমধ্যে ২০ টিরও বেশি ট্রেন বাতিল করেছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের।

কুড়মি জনজাতিকে এসটি তালিকাভুক্তির দাবি দীর্ঘদিনের। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানান দেওয়া হয়েছে সেই বিষয়টি। তবু এই জাতি বঞ্চনার শিকার বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই দাবিতে, গত বছরের ২০ সেপ্টেম্বর টানা একশো কুড়ি ঘন্টা রেলপথ অবরোধ করে রেখেছিল কুড়মিরা। সেই সময়ই রাজ্য সরকারের কাছে আটকে থাকা শিয়ারাই রিপোর্টের কমেন্ট এন্ড জাস্টিফিকেশন অতিসত্বর পাঠানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের পাঁচ মাস পার হওয়ার পরেও বর্তমান সময়ে কুড়মিদের এসটি তালিকাভুক্তির জন্য রাজ্য সরকার কোনওরূপ সহানুভূতি দেখাচ্ছে না বলে দাবি কুড়মিদের। তাই তারা আবার অনির্দিষ্টকালের জন্য রেল পথ অবরোধের ডাক দিয়েছে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে।

পুরুলিয়াতে বুধবার সকাল পাঁচটা থেকেই শুরু হয় সেই রেল অবরোধ। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ২০ টির বেশী ট্রেন বাতিল করার কথা জানানো হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু ট্রেনের অন্য রুটে যাত্রাপথ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *