সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুলাই: বাঁদরের উৎপাতে অতিষ্ট সোনামুখীর গনগনিডাঙ্গা ও সংলগ্ন গ্ৰামের অধিবাসীরা। সম্প্রতি এক ক্ষিপ্ত বাঁদরের আক্রমনে এলাকার প্রায় ২৫- ৩০ জন গ্রামবাসী আক্রান্ত হয়েছেন। বন দপ্তরকে জানানো সত্বেও কোনও সমাধান না হওয়ায় আজ গনগনিডাঙ্গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেগ্ৰামবাসীরা। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
স্হানীয় গ্রাবাসী বিদ্যুৎ মন্ডল জানান, সোনামুখীর গনগনিডাঙ্গা ও কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকায় বহু বাঁদর আস্তানা গেড়েছে। এদের মধ্যে একটি বাঁদর হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠছে।যখন তখন গৃহস্থের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে, কখনও সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষত বিক্ষত করে তুলছে। আবার কোল্ডস্টোরেজে ঢুকে অফিস তছনছ করে দিয়েছে। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি বন দপ্তরের নজরে আনা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজ অবরোধ করা হয়।
ক্ষিপ্ত বাঁদরটিকে ধরার জন্য বন দপ্তর প্রচেষ্টা শুরু করেছে। জাল বিছিয়ে রাখা হলেও সে এখনও অধরা। বন কর্মী কার্তিক হেমব্রম জানান, বাঁদরের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, আশা করা যায় খুব শীঘ্রই ধরা পড়বে।

