আমাদের ভারত, হুগলি, ১৭ ডিসেম্বর: শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাওড়া–বর্ধমান মেন লাইন শাখার তালান্ডু স্টেশনে লোকাল ট্রেন দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা ডাউন–বর্ধমান হাওড়া লোকাল থামিয়ে বিক্ষোভ শুরু করেন। নিয়মিত যাত্রীদের অভিযোগ, ট্রেনটি প্রতিদিন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে প্ল্যাটফর্মে আসে। যার জেরে তাদের অফিসে গালাগালি শুনতে হয়। এ ছাড়া অনেক সময় তাদের পারিশ্রমিকও কেটে নেওয়া হয়।
আজও ট্রেন দেরিতে এলে যাত্রীদের ক্ষোভ চরমে ওঠে। বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন যাত্রীরা। পরে, দলের সাথে জিআরপি, আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বুঝিয়ে আশ্বাস দিয়ে রেল অবরোধ তুলে নেয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন অবরোধের কারণে হাওড়া–বর্ধমানের লাইনে ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। এতে অন্য যাত্রীরাও অসুবিধার সম্মুখীন হন।

