পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৫ মার্চ: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বাকলসা রামনারায়ণ এলাকায় সোমবার রাতের হামলায় খুন হলেন লক্ষ্মীরাম টুডু নামে এক প্রাথমিক শিক্ষক।
জানাগেছে, জামালচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীরাম টুডু (৫৬) সোমবার রাতে বাকলসা রামনারায়ণ এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এক মোটর সাইকেল আরোহীর সাথে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই মোটর সাইকেল আরোহী তার দলবল নিয়ে ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। স্থানীয়রা এসে আক্রান্ত শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যেয় তার মৃত্যু হয়।

এই মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার বাসিন্দারা। ৪৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি তোলেন। পরে পুলিশ পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ তাদের আদালতে হাজির করে হেফাজতে চাওয়া হয়।

