নলহাটি থেকে ভবানন্দপুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ পাঁচটি গ্রামের বাসিন্দাদের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২১ ফেব্রুয়ারি: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলেন পাঁচটি গ্রামের মানুষ। নাগরিক সুরক্ষা মঞ্চের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে অবরোধে সামিল হন গ্রামবাসীরা। অবরোধের ফলে পাথর শিল্পাঞ্চলে লরি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকায় যান জয়েন্ট বিডিও। তাঁর আশ্বাসে অবরোধ উঠে যায়।

জানা গিয়েছে, নলহাটি থেকে ভবানন্দপুর গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘ কয়েক দশক থেকে বেহাল। ওই রাস্তার উপর পড়ছে বাউটিয়া, নসীপুর, কানিসাল, ভবানন্দপুর সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙ্গাচোরা রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। ধুলোয় নষ্ট হচ্ছে পোশাক। রাস্তা সংস্কারের দাবিতে বহুবার বিডিওর দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু সমস্যার সমাধান হয়নি। প্রতিবাদে এদিন রাস্তার উপর বাঁশ বেঁধে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ২০০৭ সালে রাস্তাটি তৈরি হওয়ায় পর আর রাস্তাটি সারাই হয়নি। ১০ টন বহন ক্ষমতার রাস্তা তৈরি হলেও এই রাস্তা দিয়ে ৫০-৬০ টন ওভারলোড পাথর বোঝাই লরি যাতায়াত করে। ফলে রাস্তা ভেঙ্গেচুরে গিয়েছে। পাথর শিল্পাঞ্চল এলাকার এই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও রাস্তাটি সারাইয়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। তাই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রাজারাম বালা। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

গ্রামের বাসিন্দা ভজন কুমার দাস বলেন, “আমরা অবরোধের পথে হাঁটতে বাধ্য হয়েছি। এর আগে প্রশাসনের কেউ কর্ণপাত করেনি”।

জয়েন্ট বিডিও রাজারাম বালা বলেন, “রাস্তা সংস্কারের কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *