অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেইল, যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ যুবতীর পরিবার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুলাই: এক যুবতীর অশ্লীল ছবি যুবতীর বিভিন্ন বান্ধবীদের কাছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন একই ঘটনা ঘটতে থাকায় যুবতী প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানালে উল্টে যুবতীকে অকথ্য ভাষায় হুমকি দেয় অভিযুক্ত যুবক। অবশেষে রবিবার অভিযুক্ত যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় যুবতী ও তার পরিবার।

জানা গেছে, গত ৬ মাস আগে নদিয়ার নবদ্বীপের এক যুবতীর সাথে ফেসবুকে আলাপ হয় শান্তিপুরের ময়ূখ কুণ্ডু নামে এক যুবকের। জানা যায় ওই যুবকের ডাকনাম(হ্যাপি)। অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই যুবক নবদ্বীপের ওই যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়া ও ওই যুবতীর বিভিন্ন বান্ধবীকে পোস্ট করতে থাকে। ঘটনা নজরে আসতেই মানসিক অবসাদে ভুগতে থাকে ওই যুবতী।

এরপর ওই যুবতী সমস্ত ঘটনা তার পরিবারকে জানায়। পরিবার ওই যুবকের সাথে যোগাযোগ করলে ওই যুবক উল্টে অকথ্য ভাষায় হুমকি দেয়। এছাড়াও যুবতীকেও ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় ওই যুবক। এরপর যুবতীর মানসিক অবস্থা দেখে ধৈর্য হারায় যুবতীর পরিবার। অবশেষে রবিবার নবদ্বীপ থেকে যুবতীকে সাথে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতীর পরিবার।

তারা কানায় ওই যুবক বিভিন্ন সময়ে ফোন করে ড্রাগস, গাঁজা, অন্যান্য নেশাদ্রব্যের কারবার করে বলে সে জানায়। আপনারা আমার কিছুই করতে পারবেন না, সব আমার কেনা আছে এই ভাষাতে হুমকি দেয় সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *