সাথী দাস, পুরুলিয়া, ১১ নভেম্বর:
বিহার সহ বিভিন্ন রাজ্যের উপ নির্বাচনে বিজেপির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল করল পুরুলিয়ায়। আজ বিকেলে শহর যুব মোর্চা ও শহর মন্ডলের যৌথ উদ্যোগে বাজনার তালে গেরুয়া আবির খেলায় মেতে উঠলেন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। পুরুলিয়া স্টেশন চত্বর থেকে বিজয় মিছিল শুরু হয়। একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

বিজেপির উত্তর শহর মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন এবং বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে। বিহারে বিজেপি ও জেডিইউ জোট ফের সরকার গড়তে চলেছে। বিহারের মানুষ দু হাত তুলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের আর্শীবাদ করেছেন। এই জয় কে আমরা উপভোগ করছি। তাই, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা পুরুলিয়া শহর মন্ডলের পক্ষ থেকে বিজয় মিছিল করি।”

এদিন মিছিলের সূচনা স্থলে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। পুলিশ উদ্যোক্তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনার পর মিছিল শুরু হয়। যদিও মিছিলের অনুমতি দেয়নি পুরুলিয়া সদর থানার পুলিশ।

