নেতাজির পৈতৃক ভিটে থেকে বিধানসভায় জনসংযোগ শুরু করলেন বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু

আমাদের ভারত, সোনারপুর, ১৫ মার্চ: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। তৃণমূল প্রার্থী হিসেবে এখানে লড়াই করছেন অভিনেত্রী অরুন্ধুতী মৈত্র ওরফে লাভলি আর বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিনেত্রী অঞ্জনা বসুকে। লাভলি অবশ্য প্রায় এক সপ্তাহ আগে থেকেই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কর্মী বৈঠক শুরু করেছেন, সাধারণ মানুষ, তৃণমূল কর্মীদের সাথে জনসংযোগ শুরু করেছেন। আর এবার প্রার্থী হিসেবে তাঁর নাম প্রকাশিত হওয়ার পর প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী অঞ্জনা। সোমবার বিকেলে এই কেন্দ্রের অন্যতম ঐতিহাসিক স্থান তথা পুণ্যভূমি কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে থেকে তাঁর জনসংযোগের কাজ শুরু করলেন অঞ্জনা। নেতাজীর মূর্তিতে মালা দিয়ে তাঁর পিতৃভূমির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন। আর সেখান থেকেই শুরু করলেন জনসংযোগ।

এটাকে ঠিক ভোটের প্রচার বলতে নারাজ এই তারকা প্রার্থী। বরং এদিন থেকে এলাকার মানুষের সাথে পরিচিত হওয়ার কাজটাই শুরু করলেন বলে জানিয়েছেন তিনি। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী অঞ্জনা। তাঁর প্রতিদ্বন্দ্বী লাভলি মৈত্র রাজনীতি কিম্বা অভিনয় দুটি জগতেই তাঁর থেকে অনেকটা জুনিয়র বলে দাবি করেছেন অঞ্জনা। প্রচণ্ড রোদের মধ্যে তাঁকে সাবধানে চলাফেরা করার পরামর্শও দিয়েছেন তিনি, পাশাপাশি প্রতিপক্ষ হলেও যদি সে বিপদে পড়ে তাহলে তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছেন বিজেপির এই তারকা প্রার্থী। এলাকার মানুষের জন্য কাজ করতে চান, আর এই আসনে জিতে বিজেপির হাত মজবুত করতে চান বলে জানিয়েছেন অঞ্জনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *