পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ এপ্রিল: দণ্ডি বিতর্ক নিয়ে এবারে তৃণমূলের মহিলা নেত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের বিজেপির আদিবাসী সংগঠনের। শনিবার দুপুরে শতাধিক নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতা কর্মীরা। যেখান থেকেই ওই মহিলা নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এদিন এই আন্দোলনের প্রথম সারিতে হাজির হন বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডু, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অনান্য জেলা নেতৃত্বরা। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। যে বিক্ষোভ কর্মসূচির পরেই পুরো ঘটনা জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে ওই মহিলা নেত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আদিবাসী মহিলাদের সাথে কেন এমন বর্বোরোচিত ঘটনা ওই মহিলা নেত্রীর? যার জবাব চেয়ে রাজ্যজুড়ে আদিবাসী আন্দোলনের ডাক দিয়েছেন এসটি মোর্চার রাজ্য সভাপতি। বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন জুয়েল মুর্মু।
বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু বলেন, আদিবাসী মহিলাদের দিয়ে রাতের অন্ধকারে দণ্ডি কাটানোর ঘটনা কখনই বরদাস্ত করবে না আদিবাসী সমাজ। এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ্তা
চক্রবর্তীকে গ্রেফতারের দাবিতে ৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের সমস্ত থানা ঘেরাও করা হবে। সোমবার রাজ্যজুড়ে সমস্ত থানাতে আদিবাসী মোর্চা বিক্ষোভ অভিযান করবে। ওই একই দিনে অর্থাৎ ১০ এপ্রিল দুপুরে দক্ষিণ দিনাজপুরে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যাদের উপস্থিতিতে প্রথমে বালুরঘাটের হিলি মোড় থেকে একটি মিছিল জেলাশাসকের দপ্তর পর্যন্ত আসবে, তারপর সেখানে একটি সভাও করবেন বিজেপির ওই দুই নেতা। পঞ্চায়েত ভোটের আগে জেলার আদিবাসীদের কাছে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করতে একাধিক রাজনৈতিক কার্যক্রমও নিতে যাচ্ছে বিজেপি।

