স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ মে: রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস আর হিংসার অভিযোগে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে এই মৌন মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
ভোট ও গননার পরবর্তী সময়ে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা ও হানাহানির প্রতিবাদে এই মৌন মিছিল বলে জানালেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার। বাসুদেববাবু বলেন, ভারতবর্ষের ইতিহাসে সর্বজনবিদিত মুঘল আমলকে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু ২ মে ভোট গননার পর পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সরকার গঠন হয়েছে তা মুঘল আমলের অন্ধকার যুগের চাইতে কম নয়। রাজ্যে এক অন্ধকার যুগের সূচনা হল বলে মনে করছেন তিনি। আর তাই রাজ্য তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে যে রাজনৈতিক হিংসা ও হানাহানি শুরু হয়েছে তারই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরে প্রতিবাদ স্বরূপ মৌন মিছিল করা হল।

