কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট করার আর্জি বিজেপি’র

আমাদের ভারত, ২ নভেম্বর: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ‘সন্ত্রাস’ করবে। হামেশাই এমন আশঙ্কা প্রকাশ করেন গেরুয়া শিবিরের নেতারা। তাই বুধবার রাজ্য নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই ভোট করার লিখিত আর্জি জানাল বিজেপি।

বিজেপি নেতাদের অভিযোগ, বিগত দিনে যে ভাবে শাসক দল গায়ের জোরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি, হিংসার বাতাবরণ তৈরি করে পঞ্চায়েত ভোট লুঠ করেছে এবারও একই রকম ভাবে শাসক দল বিরোধীদের ঠেকাতে নানান কৌশল নিচ্ছে।

পুলিশ শাসক দলের হয়েই কাজ করবে, তাই আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে হতে চলেছে তা যেন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়, এমন বক্তব্যও তুলে ধরা হয়েছে চিঠিতে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি এ ব্যাপারে কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, সে ক্ষেত্রে আদালতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি নেতৃত্ব।

তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, রাজ্যে ভাল ফল করতে পারবে না বলেই এই ধরনের কথা বলছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *