জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: পূর্ব ঘোষণা মত সোমবার রাজ্যে মহিলাদের ওপর আক্রমণ, অত্যাচার, বিজেপি কর্মীদের আইন অমান্য আন্দোলনে পুলিশের আক্রমণ সহ রাজ্য সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করেছে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি।

এদিন দুপুর একটা নাগাদ দলের জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। জেলা শহর পরিক্রমা করার পর জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতারা। জেলাশাসকের দপ্তরের বাইরে বসে বিক্ষোভ দেখান খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি সৌমেন তিওয়ারি, রাজ্য নেতা তুষার মুখার্জি, আশীর্বাদ ভৌমিক, অরূপ দাস সহ প্রায় হাজার তিনেক বিজেপি কর্মী সমর্থকরা।

