বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ কর্মসূচি উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ১৮ অক্টোবর: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং ঘটনায় দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সোমবার উলুবেড়িয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপির হাওড়া গ্রামীণ জেলা। এদিন বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের মাধ্যমে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, মহিলা নেত্রী পাপিয়া মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

এদিন বিকেলে বিজেপি নেতা কর্মীরা ফুলেশ্বর বাসষ্ট্যান্ড থেকে মিছিল করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে যাওয়ার সময় ১১ ফটকের মুখে পুলিশ তাদের আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বাদানুবাদের পর ৪ জন বিজেপি নেতাকে মহকুমাশাসকের দফতরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। পরে বিজেপি নেতারা উলুবেড়িয়া মহকুমাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *