আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ:রামপুরহাটের গণহত্যার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঁথি শহরে বিজেপির বিক্ষোভ মিছিল ও পথসভা।
বীরভূমের রামপুরহাটে জঘন্যতম নৃশংস মধ্যযুগীয় বর্বর গণহত্যার প্রতিবাদে ও পুলিশের নীরব দর্শকের ভূমিকার প্রতিবাদে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথিতে প্রতিবাদ মিছিল করা হয়।

কাঁথির কার্ড ব্যাঙ্ক সংলগ্ন দলীয় কার্যালয় থেকে ক্যালট্যাক্স ও ভবতারিণী মন্দির হয়ে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিল কাঁথির পোস্ট অফিস মোড়ে শেষ হয়। মিছিলের শেষে সেখানে একটি পথসভাও করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রামপুরহাটের এই গণহত্যার ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এবং এই ঘটনার সঠিক তদন্ত চেয়েছেন বক্তারা।

এই ধিক্কার ও প্রতিবাদ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, জেলা সহ-সভানেত্রী মুনমুন দাস, কাঁথি ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস দোলাই,কাঁথি ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস সহ দলীয় নেতৃত্ব, কার্যকর্তা ও সমর্থকগণ।

