সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৩১ জানুয়ারি: ১৯৭৯ সালে মরিচঝাঁপিতে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি ও গণহত্যার স্মরণে আজ জেলা বিজেপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মাচানতলা মোড়ে আকাশ মুক্ত মঞ্চে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বাকুঁড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বক্তব্য রাখেন।বিধায়ক নিলাদ্রী দানা মরিচঝাঁপির ঘটনার উল্লেখ করে তৎকালীন সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে বলেন, একটা সরকার কতটা নিষ্ঠুর, ভয়ংকর হতে পারে তার নমুনা রেখে গেছে বামফ্রন্ট সরকার। ইতিহাস এদের কোনও দিন ক্ষমা করবে না।

উল্লেখ্য, জেলা বিজেপির নতুন সভাপতি ও কর্মকর্তা ঘোষিত হওয়ায় পর আজ প্রথম কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহল তথা বিজেপির অন্দরমহলের কড়া নজর ছিল। এদিনের কর্মসূচিতে বহু বিজেপি কর্মীর যেমন অনুপস্থিতি লক্ষ্য করা যায় তেমনি নতুন কর্মকর্তাদের মধ্যে জোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সভা শেষে বিজেপি কর্মীরা মিছিল করে স্কুল খোলার দাবিতে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে হাজির হয়। এক প্রতিনিধি দল স্কুল পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে অবিলম্বে স্কুল খোলার দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

