সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গাপুজোর মরশুমে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়ি, ভেঙ্গে দেওয়া হয়েছে দুর্গাপুজোর প্রতিমা, প্যান্ডেল। ভেঙ্গে দেওয়া হয়েছে ইস্কন মন্দির। আর তারই প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। সোমাবার বিকেল পাঁচটা নাগাদ মিছিল শুরু হয়ে বনগাঁর নীলদর্পণ ভবনের সামনে থেকে মতিগঞ্জ, বনগাঁ বাটার মোড় হয়ে পুনরায় বনগাঁর নীলদর্পণের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সহ বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্ব দেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার।

এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অনবরত অত্যাচার চলছে মূলত তারই প্রতিবাদে আমরা আজ এই প্রতিবাদ মিছিল করেছি। এরপর যদি হাসিনা সরকার কোনও পদক্ষেপ না নেয় তাহলে এদেশের হিন্দুদের ভাবতে হবে। আমরা কিন্তু চুপ করে থাকব না। বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে কোনও পণ্য যেতে দেব না। সিল করে দেওয়া হবে পেট্রাপোল সীমান্ত। বাংলাদেশের কোনও মুসলিম পাসপোর্ট প্যাসেঞ্জারদের এ দেশে আসতে দেবো না, এবং এই দেশে যে সব সংখ্যালঘু মানুষ আছে তাদেরকেউ বুঝে নেব। আমরা চাই না অশান্তি, আমরা শান্তিপ্রিয় দেশে বাস করি, আর সেই কারণেই আমরা হাসিনা সরকারের কাছে অনুরোধ করছি এ বিষয়ে তিনি যেন পদক্ষেপ করেন।

