রাজ্যের কৃষকদের স্বার্থে পুরুলিয়ায় বিজেপির বিক্ষোভ, জেলাশাসকে স্মারকলিপি

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ডিসেম্বর: কৃষকদের উন্নয়নের স্বার্থে এবার পথে নামলো পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। অতিবৃষ্টি, বন্যায় কৃষকদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার জেলাশাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা। পরে জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপিও দেন তাঁরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা।

জেলাশাসকের উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে রাজ্যের কৃষি এবং কৃষকদের অবস্থা তুলে ধরা হয়েছে। এর মধ্যে বন্যা ও অতিবৃষ্টির জমা জলে মাঠেই আলু ও অন্যান্য ফসল নষ্ট, সার, বীজ ও কীটনাশকের অতিরিক্ত দাম তার সাথে কালোবাজারিরা সরকারি উদাসীনতার সুযোগে চাষিদের সমস্যায় ফেলে দিচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই রাজ্যে লাগু না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়। সমস্ত কৃষকরা এখনও কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন না বলে জানানো হয়েছে। এছাড়া অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করার দাবি করা হয়েছে বিজেপির দেওয়া ওই স্মারকলিপিতে। পেট্রোপণ্যে রাজ্য সরকারের সেস কম করা, বিদ্যুতের দাম কম করা, কৃষি ও সেচের কাজে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *