আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: ‘আর নয় অন্যায়’ ও ‘বাংলায় গণতন্ত্র বাঁচিয়ে তোলো’ এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল জেলাজুড়ে বিভিন্ন এসডিও অফিসে এবং ব্লক অফিসে বিজেপির অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে। তমলুকের মানিকতলায় বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক ও অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে কাঁথি সাতমাইলে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী।

তমলুকে জেলা সভাপতি নবারুন নায়েক জানান, রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামীকাল ৪ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও পুরভোটে মানুষের ভোটাধিকার হরণ করে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই আগামীকাল প্রতিটি এসডিও অফিসের সঙ্গে সঙ্গে প্রতিটি ব্লক অফিসের সামনেও বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাবেন।

