BJP, Sabang, সবংয়ে প্রবেশ বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’, জনসভায় চারশোর বেশি কর্মীর যোগদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শুরু হওয়া ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা এলাকায় প্রবেশ করেছে। যাত্রাপথ জুড়ে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে।

এর আগে শনিবার মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভা এলাকা পরিক্রমা করে পরিবর্তন যাত্রা মেদিনীপুর শহরে একটি বৃহৎ জনসভার আয়োজন করে। ওই সভায় বিপুল সংখ্যক কর্মী- সমর্থকের উপস্থিতি দেখা যায়। সভা শেষে পরিবর্তন সংকল্প যাত্রার রথ মেদিনীপুর শহর পরিক্রমা করে। পরে কেশপুরের তিনমাথার মোড়ে অবস্থিত বিরশা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতৃত্ব। সেখান থেকেই ঘাটাল সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার পরবর্তী পর্বের সূচনা হয়।

পরবর্তীতে কেশপুর থেকে চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটাল সহ একাধিক বিধানসভা এলাকা পরিক্রমা করে পরিবর্তন যাত্রার রথ। রবিবার সকালে যাত্রা ডেবরা ও পিংলা অতিক্রম করে সবং বিধানসভার অন্তর্গত দুই মেদিনীপুর জেলার সীমানা এলাকায় বাদলপুরে পৌঁছায়। সেখানে একটি জনসভার আয়োজন করা হয়।

যাত্রাপথের দুই ধারে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে দলীয় সূত্রে জানাগেছে। বাদলপুরের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ রাহুল সিনহা, ওড়িশার সাংসদ রবীন্দ্র নারায় বেহেড়া, জেলা সভাপতি তন্ময় দাসসহ দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।

সভামঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে প্রায় চারশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন বলে দলীয় নেতৃত্বের দাবি। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, পরিবর্তন সংকল্প যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে এবং রাজ্যে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *