সাথী দাস, পুরুলিয়া, ১৬ মার্চ: বিজেপির পরিবর্তন যাত্রার গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল পুরুলিয়ার মানবাজার থানার জিতুজুড়িতে। আজ বিকেলে সেখানে যুব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির জনসভার পরই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে উঠে। ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকের বিশাল পুলিশ বাহিনী ঘটনা নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের।

উত্তেজিত তৃণমূল কর্মীদের অভিযোগ, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেক ব্যানার্জির সভা শেষ হওয়ার আগেই ওই রাস্তায় বিজেপি গাড়িটি পাঠিয়ে দেয়। অবিলম্বে চালক সহ ওই গাড়িতে থাকা বিজেপি সমর্থকদের গ্রেফতারের দাবি জানায় তৃণমূল কর্মীরা। পুলিশ ওই পরিবর্তন যাত্রায় থাকা গাড়ির চালককে উদ্ধার করে মানবাজার থানায় নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিজেপির পরিবর্তন যাত্রার গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন মানবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার। তিনি বলেন, “পুলিশ প্রশাসনের চোখের সামনে বিজেপির রথযাত্রার গাড়িতে ভাঙ্গচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।” অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপির জেলা সভাপতি।

যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু। তিনি বলেন, “একটা সভা শেষ হওয়ার পর জনপ্লাবিত রাস্তায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই সময় বিজেপির গাড়িটি সভার স্থলের কাছে পৌঁছায়। গাড়িটি তৃণমূলের কেউ ভাঙ্গচুর করেনি। ঘটনার কথা ওই গাড়ির চালকও স্বীকার করেছেন। গোটা বিষয়টি পুলিশ দেখছে। বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই ধরনের পরিকল্পিত ঘটনা ঘটিয়ে সবার দৃষ্টি ঘুরিয়ে ভোটবাজি করছে। এটা এখানকার মানুষ তীব্র প্রতিবাদ করছেন।”

