পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শুরু হয়েছে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। শনিবার এই যাত্রা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে প্রবেশ করে। যাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শুক্রবার সন্ধ্যায় জেলার কেশিয়াড়ি ও নারায়ণগড় বিধানসভা এলাকায় পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে দুটি বৃহৎ জনসভার আয়োজন করা হয়। এই সভাগুলিতে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁদের বক্তব্যে রাজ্যের বর্তমান প্রশাসনের সমালোচনা করা হয় এবং পরিবর্তনের আহ্বান জানানো হয়।

শনিবার মেদিনীপুরে অনুষ্ঠিত জনসভায় দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বক্তব্য রাখেন। সভা শেষে পরিবর্তন সংকল্প যাত্রার রথ মেদিনীপুর শহর পরিক্রমা করে। পরে রথযাত্রা কেশপুরে পৌঁছোয়। তিনমাথার মোড়ে স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তন্ময় দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
মাল্যদান কর্মসূচি শেষে কেশপুর থেকে রথযাত্রা চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটাল বিধানসভা এলাকায় প্রবেশ করে এবং ঘাটাল সাংগঠনিক জেলায় যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পথের দুই ধারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং সমর্থকদের উৎসাহে গোটা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

