সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি: গ্রামের ভোটের লড়াইয়ে কোমর বেঁধে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের জন কল্যাণমুখী প্রকল্পের প্রচারের সঙ্গে সঙ্গে এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘নীতি যাত্রা’ পুরুলিয়ায় সূচনা করবে বিজেপি। একই সঙ্গে জেলার পঞ্চায়েত স্তরে ১০০ দিনের কাজে সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামছে পুরুলিয়া জেলা বিজেপি। আজ পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলীয় কর্মসূচির কথা জানালেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা।

তিনি জানান, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি নীতি যাত্রা কর্মসূচি চলবে। এরই অঙ্গ হিসেবে জেলার ঝালদা, রঘুনাথপুর, হুড়া এবং বলরামপুর থেকে পদযাত্রার সূচনা হবে। ঝালদা থেকে নেতৃত্ব দেবেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিধায়ক নরহরি মাহাতো। রঘুনাথপুরে দুই বিধায়ক বিবেকানন্দ বাউরি ও নদিয়ার চাঁদ বাউরি, হুড়ায় বিধায়ক কমলাকান্ত হাঁসদা ও সুদীপ মুখার্জি এবং বলরামপুর থেকে পদযাত্রার নেতৃত্ব দেবেন বিধায়ক বানেশ্বর মাহাতো। এছাড়াও রাজ্য নেতৃত্ব বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা নেতৃত্বরা নেতৃত্বে থাকবেন। ১৫ ফেব্রুয়ারি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সমবেত হবে। সেখানে বড় মাপের জনসভা হবে। এছাড়াও পরে সাড়ে তিনশো কোটি টাকার দুর্নীতি, ভূমি রাজস্ব দফতরের দুর্নীতি ও অনৈতিক কাজের প্রতিবাদের আগামী দিনে জনস্বার্থ মামলা ও প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে বিজেপি।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। এই নিয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “প্রচারের আলোয় আসতে এসব করছে বিজেপি। ১০০ দিনের টাকা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। এটাকে আড়াল করতে বিজেপির এই সব কৌশল। মানুষ এর জবাব দেবে।”

