ইতালির ফ্যাসিবাদ বিরোধী গান ‘বেলা চাও’য়ের সুরে বিজেপির নয়া মিউজিক ভিডিও ‘পিসি যাও’

রাজেন রায়, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগেই যেন শুরু হয়ে গেছে রীতিমতো গানের লড়াই। একদিকে সিপিএম ‘টুম্পা সোনা’ গান কে ব্যবহার করছে তাদের ব্রিগেডের সভায় মানুষকে টেনে আনার জন্য, আবার ভিডিও প্রেজেন্টেশন করে তৃণমূলের জমানায় অত্যাচারের হাল-হকিকত তুলে ধরা হচ্ছে। আর এবার ইটালির ফ্যাসিবাদ বিরোধী গান ‘বেলা চাও’-র অনুকরণে বিজেপি তৈরি করল নতুন গান ‘পিসি যাও’।

এবার এই প্রথম নয় এর আগেও আর নয় অন্যায়, এই তৃণমূল আর না, এরকম একাধিক ব্যাঙ্গার্থক গান বানিয়ে ছিল বিজেপি। সাধারণ বক্তৃতার পাশাপাশি এই গানগুলো মানুষের মনে যথেষ্ট প্রভাব সৃষ্টি করে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। সেই ধারণা যে সব ক্ষেত্রে ভুল নয় তাও প্রমাণিত হয়েছে। একুশের বঙ্গ বিধানসভা ভোট যেন আরও রঙিন হয়ে উঠছে নানা অনুষঙ্গে। আর এই নতুন পিসি যাও গানটি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে শেয়ার করেছেন। তাঁর কটাক্ষ, ‘‘যাঁরা স্লোগান প্রকাশ করা নিয়ে আগ্রহী, তাঁদের জন্য একেবারে বাঙালি ঢঙে একটি স্লো-গান প্রকাশ করা হল।”

‘পিসি যাও’ গান ইতিমধ্যে বেশ জনপ্রিয় হলেও, মূল সংগীতের উৎস জেনে অনেকেই চমকে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত ইতালির কৃষকদের বিক্ষোভ প্রকাশে মুখে মুখে তৈরি হয়ে গিয়েছিল ‘বেলা চাও’ লোকগানটি। এর সঙ্গে যোগ রয়েছে বাম আন্দোলনের। মেহনতি মানুষের প্রতিবাদের হাতিয়ার গানের কথার অনুবাদ করলে যা দাঁড়ায় বিজেপির ‘পিসি যাও’ গানে তার হুবহু প্রতিফলন। গায়ক সেখানে শাসকের চোখে চোখ রেখে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছেন, ‘তুমি তো আমার দিকে তাকাতেই পারছো না/প্রশ্ন করলে তার উত্তরে পালটা প্রশ্ন করছো/সত্যপ্রকাশের শপথ নিয়েছিলে/কিন্তু এখন কেন আত্মপক্ষ সমর্থনে সেই শপথ ভাঙছো?” গানে রয়েছে আরও প্রতিবাদের সুর। বলা হচ্ছে, ”সাধারণ মানুষ বোকা ভেবো না/ সত্যি প্রকাশের বদলে আমাদের আঘাত করো/ সেটাই তোমার মতো শাসকের থেকে আমাদের প্রাপ্য।” আর এভাবেই ভোট ঘোষণার আগেই ইতিমধ্যে একাধিক গানের সুরে জমে উঠেছে বাংলার ভোট রঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *