আমাদের ভারত, ২২ আগস্ট: কয়েকটা দিন পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান। আগামী ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ সেপ্টেম্বর হতে চলেছে এই নবান্ন অভিযান।বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সূত্রে জানাগেছে, কলেজ স্কোয়ার, ময়দান, সাঁতরাগাছি বিরাট মিছিল করে পদ্ম শিবির নবান্ন অভিযান করবে ওই দিন।
কিন্তু কি কারণে বিজেপির নবান্ন অভিযান পিছিয়ে গেল? জানাগেছে, আদিবাসী সম্প্রদায়ের উৎসব রয়েছে সেপ্টেম্বরের শুরুতেই তাদের কথা ভেবেই নবান্ন অভিযানের দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। কলকাতায় আজ বিজেপি রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে।
নবান্ন অভিযানের জন্য প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বর দিনটি ঠিক হয়েছিল। কিন্তু রাজ্যের একটি বড় এলাকাজুড়ে সেদিন জনজাতি সমাজের করম পূজা পালিত হবে। রাজ্যের পশ্চিমাংশ এবং উত্তরবঙ্গের জনজাতি সমাজের আবেগের কথা মাথায় রেখেই বিজেপি নবান্ন অভিযানের দিন পরিবর্তন করেছে। স্থানীয়ভাবে দলের নেতারা করম পূজার অনুষ্ঠানে থাকবেন। তাই এই সিদ্ধান্ত।
আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে চোর ধরো জেলে ভরো, মমতা গদি ছাড়ো, দাবি নিয়ে লক্ষ্য লক্ষ্য বিজেপি কর্মী সামিল হবে বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতাসহ জেলায় জেলায় পদ্ম শিবিরের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবের জন্যই এই নবান্ন অভিযানে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কানাঘুষো শোনা গিয়েছিল, বিজেপির নবান্ন অভিযান পিছিয়ে যেতে পারে। আজ রাজ্য কমিটির বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হল।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার জঙ্গলমহলের একাধিক আদিবাসী অঞ্চলের সেপ্টেম্বরে আদিবাসীদের উৎসব রয়েছে। সেই জন্যই নবান্ন অভিযানের দিনক্ষণ পরিবর্তন করল বিজেপি নেতৃত্ব। জঙ্গলমহলে উত্তর বঙ্গে বিজেপি সংগঠন যথেষ্ট শক্তিশালী। উৎসবের মরসুমে নবান্ন অভিযান হলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দলীয় কর্মী সমর্থকরা আসতে পারবেন না। এমনকি ঐ সমস্ত এলাকার বিধায়ক সাংসদরাও আদিবাসী উৎসবের থাকতে পারবেন না। তাই নতুন দিন ধার্য করেছে বিজেপি নেতৃত্ব।

