সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগস্ট: স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে ১৩ থেকে ১৫ আগস্ট তিন দিনের জন্য সারা দেশে ২০ কোটি জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নিয়েছে বিজেপি। পদযাত্রা, মোটর সাইকেল যাত্রা, জাতীয় পতাকা বিতরণ ও প্রচার কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির। সেই আঙ্গিকেই পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে একটি মোটর সাইকেল যাত্রা অনুষ্ঠিত হল আজ।

বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্বে ওই যাত্রায় অংশ নেওয়া বিধায়ক, সাংগঠনিক নেতৃত্বের হাতে জাতীয় পতাকা ছিল। পুরুলিয়া সৈনিক স্কুলের কাছ থেকে যাত্রার সূচনা হয়। রাঁচি রোড দিয়ে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ঝালদার তুলিনে পৌঁছয়। তুলিন পর্যন্ত রাস্তার ধারে বিভিন্ন জনপদে মানুষের উৎসাহ দেখা গিয়েছে এদিন। জেলা তথা রাজ্যের পশ্চিম প্রান্তে পৌঁছে জাতীয় ভাবাবেগ বাড়িয়ে তোলার চেষ্টা চালান বলে বিজেপি নেতৃত্বের দাবি।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই ‘হর ঘর তেরঙা’ কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি।

বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় বলেন, “আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বাংলাতেও প্রতিটি ঘরে ঘরে আজ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত যাতে জাতীয় পতাকা লাগানো থাকে সে ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, বাংলার প্রতিটি মানুষের মনে দেশপ্রেম আরও জাগ্রত করার তাগিদেই সবাইকে এই কর্মসূচির আওতায় আনা।”

