অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: দুর্নীতিমুক্ত সমাজ ও পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থেকে নেতাই পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে নেতাই শহিদ মঞ্চের সামনে পথসভারও আয়োজন করা হয় বিজেপি দলের পক্ষ থেকে।

ওই পদযাত্রায় নেতৃত্ব দেন ও পথ সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য কমিটির নেতৃত্বরা ও ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে শহিদ পরিবারদের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে তিনি শহিদদের শ্রদ্ধা জানান। শহিদ বেদী গঙ্গাজল দিয়ে ধুয়ে নতুন কাপড় দিয়ে মুছে শহিদ বেদিতে ফুলের মালা দিয়ে নেতাই গ্রামের শহিদদের শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।

তিনি পদযাত্রায় যোগদান করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হরিদাস পাল বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে বলেন, আমি কোনো নিকৃষ্ট প্রাণী সম্পর্কে কোনো কিছুই বলবো না। সেইসঙ্গে বলেন, আমি কোম্পানির মালিককে হারিয়েছি ও কোম্পানির চতুর্থ শ্রেণির কর্মী। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে সরকারি কর্মচারীদের তিনি বলেন, হাসপাতাল ছাড়া সমস্ত অফিসে তালা চাবি লাগিয়ে দিক। গণ আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মিড ডে মিলের ফান্ড থেকে যে সব বিডিওরা ডিএম’এর নির্দেশে দুয়ারে সরকার প্রকল্পে টাকা দিয়েছে তাদের কপালে দুঃখ রয়েছে বলে তিনি জানান।


