সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ আগস্ট: রাজ্যজুড়ে চলা নারী নির্যাতন, বিজেপি কর্মীদের উপর নির্যাতন, নারী ধর্ষণ বন্ধের দাবিতে এবং দুষ্কৃতিদের শাস্তির দাবিতে আজ বাঁকুড়ায় মহিলা মোর্চার তিন শতাধিক কর্মী আইন আমান্য করে গ্ৰেপ্তার বরণ করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে বিজেপির মহিলা কর্মীরা মিছিল করে পুলিশ সুপারের দপ্তর অভিমুখে রওনা দেয়।পুলিশ সুপারের দপ্তরের কিছু আগেই পুলিশ ব্যরিকেড করে মিছিলের গতিরোধ করে। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আইন অমান্য কর্মসূচি ঘিরে আজ ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।আইন অমান্যকারীদের গ্ৰেপ্তার করে তাদের মুক্তি দেওয়া হয়।

বাঁকুড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী মনিকা দত্ত বলেন, রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা তীব্র আকার ধারণ করেছে। দিকে দিকে নারী নির্যাতন, ধর্ষণ বেড়ে চলেছে।এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। এই অরাজকতা বন্ধ করতে, মহিলাদের সুরক্ষা ও দুষ্কৃতিদের শাস্তির দাবিতে আজ এই কর্মসূচি। এর প্রতিকার না হলে আগামী দিনে মহিলা মোর্চা বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি হুমকি দেন।

