নির্বাচনী ফলাফল প্রকাশের পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন বিজেপির ঝাড়গ্ৰাম জেলা সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ এপ্রিল:
“আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও। এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করেছে বিজেপি কিন্তু ২ মে’র পর যখন ভারতীয় জনতা পার্টির সরকার হবে তখন প্রয়োজনে প্রতিশোধ নেওয়া হবে। আমরা বলেছিলাম বদলও হবে, বদলাও হবে। আমরা বদলও করবো বদলাও নেব।” মঙ্গলবার গোপীবল্লভপুরের সাতমা মণ্ডলের বংশীধরপুর বাজারে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই হুঙ্কার ছাড়লেন ঝাড়গ্ৰাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ।

এদিন অবনীবাবু বলেন, আগামী পঞ্চায়েত ভোট থেকে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মা বোনেদের ইজ্জত রক্ষা করতে ভারতীয় জনতা পার্টির ১৪২ জন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। কিন্তু ২ তারিখের পর যখন ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় গঠন হবে তখন বাংলার গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দেওয়া বিজেপি কর্মীদের সম্মান জানানো হবে।

সঙ্গে এদিন অবনী কুমার ঘোষ বলেন, এই বাংলা থেকেই শ্যামাপ্রাসাদ মুখার্জির হাত ধরে বিজেপি গঠিত হয়েছিল ৪১ বছর আগে আজকের দিনে। সেই দল আজ বিশ্বের সবথেকে বড় দল এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের ক্ষমতায়। কিন্তু বাংলার মাটিতে প্রতিষ্ঠিত দল আর মাত্র কয়েকদিন বাদে বাংলার ক্ষমতায় আসছে এটা আমাদের খুবই আনন্দের দিন। সঙ্গে তিনি দাবি করেন, ঝাড়গ্ৰাম জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি নির্বাচিত হবে। এবং জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠার জন্য দলীয় কর্মীদের সহযোগিতা করার ডাক দেন বিজেপি নেতা অবনী কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *