পুরুলিয়ায় আবাস ইস্যুতে অনশন বিক্ষোভ বিজেপির, তৃণমূল তালা দিল পঞ্চায়েতে

সাথী দাস, পুরুলিয়া ২০ ডিসেম্বর: আবাস যোজনার তালিকা অনুমোদনের দাবিতে পুরুলিয়ার বিজেপি পরিচালিত ভাংড়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতৃত্বে সাধারণ গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই পঞ্চায়েত অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি যে গ্রামসভা অনুষ্ঠিত হয় তাতে আবাস যোজনার তালিকাকে অনুমোদন দেয়নি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান। তারই প্রতিবাদে আবাস যোজনার তালিকা অনুমোদনের দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতৃত্ব ও সাধারণ গ্রামবাসী। তাদের অভিযোগ, সম্প্রতি এখানকার পঞ্চায়েত প্রধান একটি গ্রামসভা ডাকেন। এই সভায় রিজলিউশন করে আবাস তালিকায় নাম থাকা ৩০২ জনের নাম বাতিল করে দেন গ্রাম প্রধান।

গ্রামবাসীরা দাবি করেন, পুনরায় গ্রাম সভা করে সেই তালিকা ফিরিয়ে আনতে হবে, অথবা নতুন করে সার্ভে করতে হবে বলে। তালা লাগিয়ে দেওয়ার ফলে দফতরেই আটকে পড়েন উপপ্রধান দেবদাস বাউরি সহ পঞ্চায়েতের কর্মীরা। দেবদাসবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, তালিকা বাতিল করার কোনো ক্ষমতা তাদের নেই। যে গ্রাম সভা হয়েছিল তাও সফল হয়নি। আরেকটি গ্রাম সভা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এনিয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি বিকাশ মাহাতো বলেন, বিজেপি সার্ভে করার সময় আশা ও আইসিডিএস কর্মীদের বাধ্য করছে প্রকৃত প্রাপকদের নাম বাদ দিতে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।

আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে মঙ্গলবার সকলের দিকে পুরুলিয়ার আড়ষা ব্লকের ঝুঁঝকা মোড় এলাকায় পথ আবরোধ শুরু করেন বঞ্চিত গ্রামবাসীরা। এদিনের অবরোধের জেরে পুরুলিয়া আড়ষা রাস্তায় আটকে পড়েছে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আড়শা থানার পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগ, আড়শার বিজেপি পরিচালিত হেঁসলা গ্রাম পঞ্চায়েতে বাড়ির তালিকায় প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। দরিদ্রদের জায়গায় বহু ধনীর নাম উঠে গেছে তালিকায়। যাদের নাম ছিল পরবর্তী ক্ষেত্রে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে প্রকৃত প্রাপকদের নাম দিয়ে নতুন করে আবাস প্রাপকদের তালিকার দাবী জানাতে থাকেন বিক্ষোভকারীরা। এই অবরোধের জেরে সড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হন আড়শা ব্লকের বিডিও শঙ্খ ঘোষ। তিনি আন্দোলন কারীদের সাথে কথা বলেন। আশ্বাস দিয়ে তিনি বলেন এই মুহূর্তে একটি সার্ভের কাজ চলছে। প্রকৃতরা যাতে বাড়ি পান সেই লক্ষ্যেই সব কিছু করা হচ্ছে। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বিজেপির অনশন আন্দোলন এদিন দ্বিতীয় দিনে পড়ে। যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি নিয়ে রঘুনাথপুর ১ ব্লক কার্যালয়ের চত্বরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান সহ সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অনশন অবস্থানে বসেন। সোমবার সকাল ১০ টা থেকে এই আন্দোলন শুরু হয়। এদিন রাত্রে অনশন মঞ্চে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের দাবিতে অনড় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *