করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্যজুড়ে চলা দুর্নীতি ও রাজনৈতিক হিংসার প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন বিজেপির

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ আগস্ট: রাজ্যজুড়ে করোনা ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, রাজনৈতিক হিংসার প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দিলেন বিজেপি কর্মীরা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের নেতৃত্বে
সোমবার বিজেপির এক প্রতিনিধি দল ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। এদিন বিজেপি নেতা কর্মীরা ডেপুটেশন জমা দিতে গেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা তাদের পথ আটকায়। তখন পুলিশের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। এই বিক্ষোভের ফলে উত্তেজনার সৃষ্টি হয়।

এদিন সাংসদ অর্জুন সিং ভ্যাকসিন নিয়ে রাজ্যেজুড়ে চলা দুর্নীতি প্রসঙ্গে বলেন, “রাজ্যে ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি চলছে। ডাক্তাররা ভ্যাকসিন বেচে দিচ্ছেন। আর তার ভাগ নিচ্ছেন নির্মল ঘোষ। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি বন্ধ করতে হলে কেন্দ্রীয় সংস্থা যারা বিনামূল্যে টিকা দিচ্ছে তাদের মাধ্যমে রাজ্যে ভ্যাকসিন দেওয়াতে হবে। কোনও রাজনৈতিক প্রভাব সেখানে থাকবে না। রাজনৈতিক কোনও দল টিকার কুপন বিলি করতে পারেন না। এখন দিদির ডাক্তাররা কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন চুরি করে ৩০০ থেকে ৪০০ টাকায় বেঁচে দিচ্ছে। আর তার হিসসা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে পাঠিয়ে দিচ্ছে। এসব দুর্নীতি আমরা মানব না।” এই ডেপুটেশনে কোনও ফল না পেলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *