BJP, Midnapur, মেদিনীপুরে প্রচারে গতি বিজেপির, প্রার্থী ঘোষণার পরেই ময়দানে ডঃ শংকর গুছাইত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: অবশেষে প্রকাশিত হয়েছে বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা। সেই তালিকায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি ডঃ শংকর গুছাইত। প্রার্থী ঘোষণার পর থেকেই জেলায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো।

প্রার্থী হওয়ার পরের দিনই, বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জোরকদমে প্রচারে নামেন ডঃ শঙ্কর গুছাইত। দিন শুরু হয় মন্দিরে মন্দিরে পুজো দিয়ে। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

এদিন শহরের একাধিক ওয়ার্ডে তাঁর প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। প্রার্থীর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ ও কৌতূহল দুটোই লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে আরও জোরদার হবে প্রচার কর্মসূচি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে মজবুত করে ভোটের ময়দানে ইতিবাচক ফল আনাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

প্রার্থী ঘোষণার পরপরই এভাবে মাঠে নেমে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এখন দেখার, এই তৎপরতা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *