ফের কার্টুন বিতর্ক! বন্যার ত্রিপল চুরির নায়ককে প্রার্থী করায় তৃণমূলের বিরুদ্ধে কার্টুন বানিয়ে বিজেপির প্রচার বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারি: ফের কার্টুন বিতর্ক বালুরঘাটে। ২০১৭ সালে বন্যার ত্রাণ চুরি ইস্যুকে হাতিয়ার করে এবারে ভোটের প্রচারে নামলো বিজেপি। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই সরাসরি এমন অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। পুরভোট প্রচার শেষের মাত্র একদিন আগে এমন কার্টুনকে ঘিরে রীতিমত তোলপাড় গোটা বালুরঘাট শহর। যদিও ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁর দাবি, লড়াইয়ে থাকতে না পেরে এসব মিথ্যে অপবাদ ছড়াচ্ছে বিজেপি।

পুরনির্বাচন নিয়ে নিজের ঘর সামলাতে কলকাতা ছেড়ে কয়েকদিন আগেই বালুরঘাটে এসে পৌছেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যার আসার পরেই ভোট প্রচার নিয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে বালুরঘাটের বিজেপি কর্মীরা। তিনি আসবার পরেই তার নিজের ওয়ার্ড ২২ নম্বরে শুরু হয় প্রথম কার্টুন বিতর্ক। যেখানে শহরের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সাধারণ মানুষের অনিচ্ছাকৃত প্রবেশে কি চরম শাস্তি পেতে হয়েছিল তা দেখানো হয়েছে সেই কার্টুন ফ্লেক্সে। বৃহস্পতিবার ফের শহরের ১২ নম্বর ওয়ার্ডে সামনে এসেছে কার্টুন বিতর্কের ঘটনা। বালুরঘাটের অন্যতম হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এবারে ত্রিপল চোরের কার্টুন ফ্লেক্স ঝুলিয়ে রীতিমতো শোরগোল ফেলেছে বিজেপি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনা যথেষ্টই বেগ দেবে শাসক দল তৃণমূলকে, বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল। ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঝুলতে থাকা সেই ফ্লেক্সে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ত্রিপলের প্যাকেট নিয়ে পালাচ্ছে। তার পিছনে লাঠি নিয়ে তাড়া করছে কিছু মানুষ। যেখানে লেখা রয়েছে, “চোর চোর চোর” ত্রিপল ব্যাঙ্ক। এবার কী পৌরসভা?” আপনারা কি চান? প্রচারে জেলা বিজেপি। শহরের ১২ নম্বর ওয়ার্ড জুড়ে টাঙানো কার্টুন চিত্রের এমন ফ্লেক্সকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফ্লেক্সের নীচে প্রচারে জেলা বিজেপি কমিটি লেখা থাকায় তা যে পরোক্ষে তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁ’কেই বোঝানো হয়েছে তা যেন জনগণের বুঝতে কোনো অসুবিধাই হয়নি।

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে কার্টুন চিত্রের সত্যতা স্বীকার করা হয়েছে। জেলা বিজেপি যুব তথা এলাকার প্রার্থী অভিষেক সেনগুপ্ত জানান, “ওটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, উনি জনগণের জিনিস চুরি করেছিলেন। ২০১৭ সালে বন্যার সময় ত্রিপল চুরির ঘটনায় যে ব্যক্তির নামে ত্রিপল চুরির অভিযোগ ওঠে সেই ব্যক্তি বর্তমানে প্রার্থী হয়েছে। কার্টুনে মিথ্যে কিছু বলা হয়নি, শুধুমাত্র কার্টুনের মাধ্যমে জনগণের কাছে পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছে।

যদিও এবিষয়ে বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁ জানান, এধরনের কুরুচিপূর্ণ মিথ্যে অপপ্রচার ধোপে টিকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *