BJP, Brigade, ১৪ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ, প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ৫ মার্চ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে পদ্ম শিবিরের নানা কর্মসূচি শুরু হয়েছে। তবে তার মধ্যে অন্যতম পরিবর্তন যাত্রা। এই রথযাত্রার শেষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হতে চলেছে বিরাট সভা। ১৪ মার্চ সেই বিরাট সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভার লক্ষ্য একটাই, ব্রিগেড থেকে রাজ্য দখলের সুর বেঁধে দেওয়া।

রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট নয়টি পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই যাত্রা গুলি আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছাবে। এরপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা হবে। ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর আবারও ব্রিগেডে ফিরছেন মোদী।

এদিকে বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে রাজ্যে এসেছেন বিভিন্ন রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে শুরু করে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। পাঁচ জন সর্বভারতীয় নেতা রাজ্যের পাঁচটি বিভিন্ন জায়গা থেকে এই যাত্রায় নেতৃত্ব দেন। জনভিত্তি পোক্ত করতে এবার সরাসরি মানুষের কাছে পৌঁছানোর কৌশলে বেশি জোর দিয়েছে পদ্ম শিবির।

সূত্রের খবর, ২০২৬-এর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্র এবার যথেষ্ট সতর্ক বিজেপি নেতৃত্ব। চলতি মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জেলা তরফে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম প্রস্তাব করা হবে। রাজ্য নেতৃত্ব‌ সেই নাম গুলি যাচাই করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা স্তরের রিপোর্ট এবং কেন্দ্রীয় বিজেপির নিজস্ব সমীক্ষা এই দুই মিলিয়ে চুড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।

ইতিমধ্যেই সল্টলেকের দলীয় কার্যালয়ে এ নিয়ে শীর্ষ নেতৃত্বের দীর্ঘ আলোচনা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক উপেন্দ্র যাদব, বিপ্লব দেবের পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। তবে বিধানসভা ভোটের আগে এই ব্রিগেড সমাবেশ বঙ্গ বিজেপির প্রচারের শক্ত ভিত্তি প্রস্তর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *