আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ মে: বিজেপির জেলা সভাপতির ফোনে অশ্লীল ভাষায় গালিগাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল এক যুবক। উত্তর ২৪ পরগনার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেবের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ করা হয়েছে। এই কথাবার্তা হয়েছে তাঁরই বিধানসভা কেন্দ্রের বিজেপির বিস্তারকের সঙ্গে। এমন অশ্লীল ভাষায় গালিগালাজ চরম শত্রুও কাউও দেয় না বলে ভাইরাল হওয়া কথাবার্তায় মন্তব্য দেখা যায়। এই কথাবার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা ভেঙে বনগাঁ এবং বারাসত জেলা করা হয়। বনগাঁ নতুন জেলার সভাপতি করা হয় ডাক্তার মনস্পতি দেব’কে, যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের খুব কাছের মানুষ হিসাবে রাজনৈতিক মহলে পরিচিত। অডিওতে শোনা যাচ্ছে মনস্পতি দেব বলছেন, “তুই পালিয়ে গেলি? কিন্তু মনে রাখিস তোকে যেদিন পশ্চিমবঙ্গের যেখানে পাব মারব, হড়গোড় ভাঙব। পালিয়ে গিয়ে প্রমাণ করলি তোকে এক বাপে জন্ম দেয়নি।” এর থেকেও কদর্য ভাষায় আক্রমণ করা হয় বিজেপির ওই সর্বক্ষণের কর্মীকে, যা লেখার অযোগ্য। এমনকি তাঁর মা সম্পর্কেও অতি নোংরা ভাষা ব্যবহার করা হয়। অডিওটি খবরের নিচে দেওয়া হয়েছে।
এই ঘটনার কথা মনস্পতি দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এটা ২০১৬ সালের ৩ রা মার্চ এর ঘটনা। সেজন্য দল আমাকে সাসপেন্ড করে। তারপর দলের নিয়ম মেনে শাস্তি মুকুবের আবেদন জানাই। দল নির্দিষ্ট সময় পরে আমার শাস্তি মুকুব করে। ২০১৬ সালের সেই ঘটনা কেন এখন সামনে আনা হল তা বুঝতে পারছি না।”

