আমাদের ভারত, ২৪ জানুয়ারি: করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা।
টুইটে রবিবার রাতে তিনি লিখেছেন, কিছু উপসর্গ লক্ষ্য করেই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। আপাতত একান্তবাসেই রয়েছেন বিজেপি নেতা।
বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর জ্বর ও অন্যান্য মৃদু উপসর্গ রয়েছে। গত কয়েকদিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন কৈলাসবাবু। পাশাপাশি এও উল্লেখ করেছেন, আপাতত একান্তবাসেই রয়েছেন তিনি।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে যদিও সম্প্রতি রাজনীতির ময়দানে বিশেষ দেখা যায়নি। পশ্চিমবঙ্গে পুরভোটের প্রচারে বা উপনির্বাচনেও দেখা মেলেনি কৈলাসের। রাজনীতির কারবারিদের মতে, পশ্চিমবঙ্গের বাঙালিরা অবাঙালি বিজেপি নেতাদের কর্তৃত্ব যে ভালোভাবে নেয়নি তা ভোটের ফলে পরিষ্কার। তারপর থেকে কলকাতার পথ ভুলেছেন বছর খানেক আগেও শহরে ঘাঁটি গেড়ে থাকা কৈলাস।
তবে, কৈলাসবাবু একা নন, একের পর এক নেতৃত্ব করোনা আক্রান্ত হয়েছেন। সদ্যই করোনামুক্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। করোনা জয় করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। এছাড়াও একাধিক নেতৃত্ব করোনা আক্রান্ত হয়েছেন।

