স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার সংঘাত হয়েছে স্কুলের পড়ুয়াদের। একাধিকবার স্কুলগুলোতে রাজ্য সরকার সরস্বতী পুজা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগকে বুমেরাং করে বিধানসভা ভোটের আগে এবার পথে নামল বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করেছে।

রবিবার নদিয়া দক্ষিণ সাংগঠনিক যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ এসেছিলেন রানাঘাটের আশতলা সুভাষপল্লী বাজারে। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন থেকে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ পরিণত করছে। ভাস্কর বাবুর অভিযোগ, সরস্বতী পুজোর দাবি নিয়ে ছেলে মেয়েরা যখন রাস্তায় নামে সেই সময় তাদের ওপর লাঠিচার্জ করে এবং ছাত্রীরা আহত হন। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা পুরনো ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম সমস্ত কিছুকে জাগ্রত করবার জন্য ভাই-বোনেদের হাতে সরস্বতী প্রতিমা তুলে দিলাম। যাতে আগামী দিনে আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে সমাজে ফিরিয়ে আনতে পারি এবং পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ থেকে বাঁচাতে পারি তারই স্বার্থে এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি যুব সভাপতি ভাস্কর ঘোষ সহ জেলা যুব সাধারণ সম্পাদক দীনেশ রায়, রাজ্য বিজেপির সদস্য অনল বিশ্বাস ও মন্ডল যুব সভাপতি রাজীব ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব।


