গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ আগস্ট: এক বিজপি যুব নেতার মৃত্যুকে কেন্দ্র করে ফের অভিযোগের আঙুল উঠল তৃণমূলের দিকে। গোঘাট থানার নবাসন এলাকার বাসিন্দা তথা এলাকার বিজেপি যুব মোর্চার নেতা সৌভিক মুখার্জির অস্বাভাবিক মৃত্যুতে বিজেপি জেলা সভাপতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই।
জানাগেছে, শনিবার রাত এগারোটা নাগাদ বাড়ি ফেরার পর হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই বিজেপি নেতা। তাঁর মৃত্যুর পেছনে প্রেমের সম্পর্ক রয়েছে বলে শাসক দলের তরফে দাবি করা হলেও বিজেপির অভিযোগ, এটা খুন। সৌভিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল বলে দাবি করেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তিনি বলেন, যারা এর পেছনে জড়িত তাদের কাউকেই আমরা ছাড়বো না। পুলিশকে বলা হয়েছে তদন্ত করতে। আমাদের কর্মীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
প্রেমের সম্পর্কে আত্মহত্যা কেন করতে হবে প্রশ্ন তুলেছেন সৌভিকের পরিচিত শান্তনু দাস। তিনি বলেন, শনিবার রাতে আমি ওকে বাড়ি পৌঁছে দিই। এরপর রাত বারোটা নাগাদ আমাকে ওদের বাড়ি থেকে ফোন করে জানানো হয় গলায় দড়ি দিয়েছে সৌভিক। তিনিও এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলেন।

