আমাদের ভারত, শিলিগুড়ি, ৯ আগস্ট: সোমবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শিলিগুড়িতে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক শংকর ঘোষ ও শিখা চট্টোপাধ্যায়। তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে হিলকার্ট রোড হয়ে সেভক মোড় দিয়ে হাসমিচকে এসে তারা পথ অবরোধ করেন। তবে অবরোধের সময় বিধায়করা চলে যান। তারা সেখানে উপস্থিত ছিলেন না।
এদিকে বিজেপি কর্মীরা হাসমিচকে রাস্তার ওপর বসে পড়ায় শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে তাদের উঠে যেতে বললেও তারা সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপরেই পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হয়। রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যজুড়ে তৃণমূলের লোকজন আমাদের কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। রাজ্যের মানুষ টিকা পাচ্ছে না। টিকা নিয়ে দুর্নীতি চলছে। আর ওরা এসব না দেখে ত্রিপুরাতে গিয়ে অহেতুক ঝামেলা করছে। পুলিশ এখন রাজ্য সরকারের হয়েই কাজ করে চলছে। আর তাই আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করছি। আমাদের গ্রেফতার করলেও মানুষের স্বার্থে আমাদের আন্দোলন চলতে থাকবে।

