স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৬ আগস্ট:
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শান্তিপুর পৌরসভার পৌর অঞ্চলের নিকাশি ব্যবস্থা, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর পৌরসভায় ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। শুক্রবার শান্তিপুর যুব মোর্চা বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেয় শান্তিপুর পৌরসভায়। শান্তিপুর পৌরসভার সামনে বেশ কিছু সময় তারা অবস্থান-বিক্ষোভ করে।
তাদের দাবি, যেভাবে ভ্যাকসিন দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে তার জন্য দায়ি তৃণমূল সরকার। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে আসছে। যেখানে কেন্দ্র সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিয়েছে রাজ্যগুলিকে, সে মতোই এ রাজ্যও পর্যাপ্ত ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই ভ্যাকসিন নিয়েও কালোবাজারি এবং দুর্নীতি করছে তৃণমূল।
এছাড়াও শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েও দুর্নীতি করছে পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা। যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের ঘর না দিয়ে কাটমানি খেয়ে প্রভাবশালী মানুষদের ঘর বন্টন করছে।

পাশাপাশি শান্তিপুর পৌরসভার অঞ্চলের নিকাশি ব্যবস্থা নিয়েও তারা একাধিক অভিযোগ তোলেন, তাদের দাবি শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। গোটা শহর আবর্জনায় পরিণত হয়েছে, কিন্তু প্রশাসক মন্ডলীর পক্ষ থেকে কোনওরকম ব্যবস্থা করে না। আজ এই সমস্ত দাবি দাওয়া নিয়ে শান্তিপুর পৌরসভায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।

