পানিহাটিতে বিজেপি যুব মোর্চা নেতার ওপরে দুষ্কৃতী হামলা, প্রাণ বাঁচাতে ট্রাফিক সিগন্যাল না মানায় তাকে গ্রেপ্তার করল পুলিশ

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ আগস্ট: পানিহাটির স্বদেশী মোড়ে বিটি রোডে বিজেপি যুব মোর্চা নেতার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনা ও ওই বিজেপি নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো পানিহাটিতে। বিজেপি নেতাকে লক্ষ করে দু’রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর আত্মীয়রা।

পানিহাটির বিটি রোডের স্বদেশী মোড়ে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহার উপরে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহা তার ব্যাক্তিগত গাড়ি নিয়ে পানিহাটি পৌরসভায় যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ৮ থেকে ১০ জনের দুষ্কৃতীর দল বাইকে করে এসে জয়বাবুর গাড়ি ঘিরে ধরে তার উপর হামলা করে। ভেঙ্গে দেওয়া হয় তাঁর গাড়িটিও। সেই সঙ্গে দুষ্কৃতীরা জয় সাহার গাড়ি লক্ষ‍্য করে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় প্রাণে বাঁচতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন জয়বাবু। তখন তিনি সিগন্যাল না মেনে গাড়ি নিয়ে বেড়িয়ে যান। সেই সময় অমিত মন্ডল নামে এক ট্রাফিক সিভিক ভলান্টিয়ারকে তার গাড়ি দিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। এরপর জয়বাবু তার ওপর হামলার অভিযোগ করতে গাড়ি নিয়ে খড়দা থানা যান। কিন্তু তিনি থানায় অভিযোগ জানাতে গেলে সিগন্যাল না মানা ও সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারার অভিযোগে উলটে পুলিশ জয়বাবুকে গ্রেফতার করে। এই গোটা ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পানিহাটিতে।

এদিন জয় সাহা আত্মীয় বলেন, “রাজ্যে কোনও আইনের শাসন নেই। জয় পৌরসভাতে যাচ্ছিল আর এটা জেনে আগে থেকেই দুষ্কৃতীরা ওর ওপর হামলা করবার জন্য তৈরি ছিল। জয় পৌর সভার কাছে যেতেই ওর গাড়িতে হামলা চালানো হয়। সে প্রাণে বাঁচতে গাড়ি ঘুরিয়ে পালাতে গেলে ট্রাফিক সিগন্যালের কাছে গাড়ি থামলে সেখানেও তারা জয়ের গাড়িতে ভাঙ্গচুর করে। তখন জয় প্রাণে বাঁচতে সিগন্যাল না মেনে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর পর জয়কে গ্রেফতার করা হেয়েছে। এখানে কেমন শাসন চলছে কে জানে।”

এই সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমে খরদহ থানার পুলিশ জয় সাহা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গেই আটক করা হয়েছে জয় সাহার গাড়িটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *