পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে প্রার্থী পদ থেকে সরানোর দাবি তুলে বিক্ষোভ দলীয় কর্মীদের।

শনিবার দুপুরে খড়্গপুর শহরের জেলা বিজেপির কার্যালয়ে দলীয় নেতা ও কর্মী সমর্থকরা পৌঁছে কার্যালয়ের বাইরে থেকে বিক্ষোভ মিছিল করে এসে ভেতরে প্রবেশ করে এবং বেশ কিছুক্ষণ ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ। এরপরই তারা জেলা সভাপতির সঙ্গে কথা বলতে চেয়ে কার্যালয়ের ভেতরে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, নারায়ণগড় বিধানসভার এই প্রার্থী রমাপ্রসাদ গিরিকে এই পদ থেকে সরানো হোক। এছাড়াও প্রার্থী ঘোষোনা হওয়ার দিন থেকেই তারা জেলা কমিটি ও রাজ্য কমিটিকে বিষয়টি জানিয়েছেন বলেও জানান। যদিও এখনও জেলা সভাপতির সঙ্গে কথা না হওয়ার কারণে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এছাড়াও এই দাবি না মানা হলে নারায়ণগড় বিধানসভার একাধিক মন্ডল সভাপতি সহ প্রায় ৩০০জন কার্যকর্তা দল ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন।

এই ঘটনার পরেই বিজেপির জেলা সম্পাদক মনোজ দে জানান, যে দলীয় ভাবে বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। ভাঙ্গচুরের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, দল অনেক বড়, তাই কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ থাকবেই। যদিও পরে জেলা সভাপতি শমিত মন্ডল জানান, ওই এলাকার নেতৃত্বদের নিয়ে বসে আলোচনা করবো তারপরেই সিদ্ধান্ত নেওয়া যাবে।


