পাঁচলায় প্রার্থী বদলের দাবিতে রাস্তায় বিজেপি কর্মীরা

আমাদের ভারত, হাওড়া, ১৬ মার্চ: সোমবার দলীয় নেতৃত্বের আশ্বাসের পরেও কোনও কাজ না হওয়ায় পাঁচলা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটির নাম প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রতিবাদ মিছিল করল বিজেপি কর্মীরা। এদিন দুপুরে শতাধিক বিজেপি কর্মী হাতে দলীয় পতাকা এবং প্রতিবাদী পোস্টার নিয়ে রানিহাটি এলাকায় মিছিল করে। পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী করার দাবি জানানো হয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, দলের কর্মীদের আবেদনকে মান্যতা না দিয়ে রাজ্য নেতৃত্ব ভুল লোককে প্রার্থী করেছে। যদি কর্মীদের দাবি না মানা হয় তাহলে বিকল্প চিন্তা ভাবনা করার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

গত রবিবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এর পরেই বিভিন্ন জায়গার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাওড়া গ্রামীণ জেলার পাঁচলা ও উদয়নারায়ণপুর বিধানসভা এলাকা। রাস্তা অবরোধের পাশাপাশি বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রবিবারের পর সোমবারেও একই দাবিতে পাঁচলার বিজেপি নেতা কর্মীরা কলকাতার হেস্টিংসে বিজেপির দপ্তরে বিক্ষোভ দেখায়। সেই সময় বিজেপি নেতারা বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো আশ্বাস দিলেও কোনও কাজ না হওয়ায় মঙ্গলবার পুনরায় বিক্ষোভে সামিল হয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

কর্মীদের বিক্ষোভ সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রঞ্জন পাল জানান, কর্মীদের দাবি রাজ্য নেতৃত্বকে জানালেও তারা দিল্লির দিকে আঙুল দেখিয়েছে। ফলে কর্মীরা বুঝতে পারছে না পার্থী বদলের সিদ্ধান্ত কে নেবে? তিনি বলেন যদি প্রার্থী বদল না হয় তাহলে কর্মীরা ওই প্রার্থীকে বুথে ঢুকতে দেবে না বলে স্থির করেছে। রঞ্জন পাল জানান, আগামী কয়েকদিনের মধ্যেই কর্মীদের নিয়ে বসে পরবর্তী পরিকল্পনা স্থির করা হবে।

অন্যদিকে যাকে নিয়ে বিতর্ক সেই বিজেপি প্রার্থী মোহিত ঘাঁটির দাবি, দলের কর্মীরা ঠিক থাকলেও কয়েকজন নেতা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ করছে। তিনি বলেন দল তাঁকে টিকিট দিয়েছে, তিনি কেড়ে নেননি সুতরাং নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। মোহিত ঘাঁটি জানান, দলীয় কর্মীরা দলের প্রতীক দেখে ভোট দেবেন আর যারা ভোট দেবেন না তারা দলের কর্মী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *