সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে লোক না হওয়ায় বিজেপির বিরুদ্ধে লিফলেট বিলির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী প্রচার পেতে চাইছেন বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ওখানে বিজেপি লিফলেট বিলি করতে যায়নি। বিজেপি উলুবনে মুক্তো ছড়ায় না। আজ পরিবর্তন যাত্রায় বাঁকুড়ায় পদার্পণ করেন তিনি। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

পরিবর্তন যাত্রা ঘিরে জেলাজুড়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় বিজেপি কর্মীদের মধ্যে। আজ শালতোড়া, ছাতনা, কমলপুর হয়ে বিকেলে বাঁকুড়া শহরে পৌঁছায় বিজেপির রথযাত্রা।সকাল ১১টা নাগাদ বাঁকুড়া শহরের লালবাজারে প্রবেশ করার কর্মসূচি থাকলেও বহু পরে এসে পৌঁছায় বিশাল কনভয় সহ রথযাত্রা।
রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার, সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।লালবাজার মোড় থেকে বীর সাভারকর সরণী, সুভাষ রোড, মাচানতলা, তামলিবাঁধ হয়ে তালডাংরা ও ইন্দপুরের দিকে রওনা দেয়। যাত্রাপথে লালবাজারে স্বামী বিবেকানন্দ, বীর সাভারকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

