স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মে:
রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের চর জিজিরা বেজপাড়া মাঠ এলাকার।অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী বাপ্পা দাসের বাড়িতে গতকাল ভোররাতে একদল দুষ্কৃতী হঠাৎই চড়াও হয়। এরপর বাপ্পা দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিজেপি কর্মী বাপ্পা দাস ঘর থেকে বের হতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এ বিষয়ে বাপ্পা দাস অভিযোগ করেন, এই ধরনের ঘৃণ্য কাজ কর্মের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই জড়িত। শান্তিপুর বিধানসভায় বিজেপি জয় যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে আমিও বিজেপি করি বলেই আমার বাড়িতে এই হামলা চালানো হয়, করা হয় বোমাবাজি। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজেপি না করার হুমকিও দেওয়া হয়।

রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী বাপ্পা দাস। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

